Thursday, May 07, 2026

হিন্দুত্বের ইতিহাসচর্চা

হিন্দুত্ব - বিজেপি স্টাইল, বা বলা ভালো আরএসএস স্টাইল - বাস্তবে কী জিনিস তাই নিয়ে আগে লিখে ফেলেছি। সামারি আর দিলাম না, এই লেখার নীচের হ্যাশট্যাগগুলো দিয়ে পেয়ে যাবেন, চাইলে দেখে নেবেন। তবে এই হিন্দুত্ব কখনওই সম্পূর্ণ হবে না যতক্ষণ না ইতিহাসকে নতুন করে লেখা হবে। একশো কোটি হিন্দুকে টুপি পরাতে গেলে তো সেইটা লাগবে, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে যে ইতিহাস পড়ানো হবে, প্রমোট করা হবে...তো সেইটা একটু বলা দরকার। এই সিরিজে এইটাই শেষ লেখা। যা ওয়ার্নিং দেওয়ার ছিল, দিয়ে দিয়েছি।

আরএসএসের কাছে ইতিহাস প্রমাণ বা যুক্তিনির্ভর বিষয় নয়। কোনোদিনই ছিল না। ইতিহাস ওদের অস্ত্র, আর এটা শুধু আরএসএস বলে নয়, পৃথিবীর যে কোনও স্বৈরতান্ত্রিক শক্তির ক্ষেত্রেই সত্যি। অরওয়েলের ১৯৮৪ যদি পড়ে থাকেন (না পড়ে থাকলে অবশ্যই পড়বেন) সেখানে দেখবেন একটা কথা রয়েছে - "Who controls the past controls the future. Who controls the present controls the past" - স্বৈরতন্ত্রের কনটেক্সটে এই কথাটার মানে বোঝা অত্যন্ত জরুরী। ইতিহাসকে ওয়েপনাইজ করা গেলে অতীতের সেই ওয়েপনাইজড ন্যারেটিভকে ব্যবহার করে আপনি ভবিষ্যতের ন্যারেটিভ নির্মাণ করতে পারবেন, আপনার চাহিদামাফিক। আর, অতীতকে বদলে লিখতে গেলে, আপনার হাতে বর্তমানে ক্ষমতা থাকা চাই। আর ঠিক এইটাই এখন অফিশিয়ালি হচ্ছে। প্রায় একশো বছর ধরে যার পরিকল্পনা ছকা হয়েছে আরএসএসের দপ্তরে। আমরা যখন ফুটনোট আর ইতিহাসের বিভিন্ন পিরিয়ড ভাগ করা নিয়ে ব্যস্ত ছিলাম,  সেই সময়ে সঙ্ঘ ইতিহাস তৈরী করার একটা প্যারালাল কাঠামো বানিয়ে ফেলেছিল - সরস্বতী শিশু মন্দির, বিদ্যাভারতী, আরএসএসের শাখা, বিশ্ব হিন্দু পরিষদের মন্দিরের চৌহদ্দি পেরিয়ে এসে সেই কাঠামো এখন গিলে ফেলেছে আমার আপনার স্মার্টফোনকেও। উদ্দেশ্য - অতীতকে বোঝা নয়, বরং একটা "হিন্দু কমন সেন্স" তৈরী করা যেটা একশো কোটি হিন্দুর মাথায় এমনভাবে গেঁথে যাবে যাতে কোনও যুক্তি, দলিল, নথি বা প্রত্নতাত্ত্বিক প্রমাণও তাকে নড়াতে পারবে না। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল, এই টেকনিকটা দিব্যি কাজ করছে। প্রমাণ পাওয়া যায় সমাজমাধ্যম আর হোয়াটসঅ্যাপ গ্রুপে ছড়িয়ে থাকা জঞ্জালের মধ্যে...যেগুলোকে ইতিমধ্যেই "ইতিহাস" বলে নর্মালাইজ করা হয়ে গেছে।

বছরকয়েক আগে, এরকমই একটা অভিজ্ঞতার কথা লিখেছিলাম – পরিচিত একজন, বাস্তবে উচ্চশিক্ষিত, যথেষ্ট সিন্সিয়ার গবেষক - অথচ সাই দীপকের ইউটিউব ভিডিও "হিস্টরি, আইডেন্টিটি, ইন্ডিয়া" আর সঞ্জীব সান্যালের ইউটিউব ভিডিও "হাউ মাচ অফ ইন্ডিয়ান হিস্টরি ইজ রিয়েলি ট্রু" দেখেই সে মেনে নিয়েছে ভারতের ইতিহাস আমরা যা জানি, যা বলি, সব মিথ্যে, এই দুজনই নাকি আসল "ঐতিহাসিক"। সাই দীপক পরিচিত আরএসএস অ্যাক্টিভিস্ট, সুপ্রীম কোর্টের উকিল, যিনি শবরীমালায় মেয়েদের ঢুকতে দেওয়ার বিরুদ্ধে মামলা লড়েন। সঞ্জীব সান্যাল অর্থনীতিবিদ, ভারত সরকারের কী একটা উপদেষ্টা, তাঁর একমাত্র ক্রেডিবিলিটি এইটুকুই যে তিনি শচীন্দ্রনাথ সান্যালের বংশধর, আর শচীন্দ্রনাথ সান্যাল বিপ্লবী ছিলেন, আন্দামানে বন্দীও ছিলেন। একজন গবেষকের যে মানসিকতায় সে স্টেট অফ দি আর্টের পেপার খুঁজে পড়ে, ইতিহাসে ক্ষেত্রে কিন্তু সে সেই প্রশ্ন করার মানসিকতা ব্যবহার করেনি। রিসার্চের ভাষায় বলতে গেলে, ডীপ লার্নিং নিয়ে গুগলের ডীপ মাইন্ড বা স্ট্যানফোর্ড থেকে NeurIPS বা IJCAI-এ বের হওয়া পেপার ছেড়ে অ্যামিটি আর লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটির সন্দেহজনক প্রিডেটরি জার্নালে পাব্লিশ করা পেপারের ওপর ভরসা করেছে। কারণ এদের দাবীগুলোর সাথে নিজের সাবকনশাসে থাকা ধ্যানধারণা মিলে গেছে। নিজের অপূর্ণ কিছু ইচ্ছে বা না পাওয়ার হতাশার জন্যে কাউকে দায়ী করার জন্যে লোক খুঁজে পেয়ে গেছে। নিজেকে ভিক্টিম হিসেবে ভাবছে আর সেইটাই দেখানোর চেষ্টা করছে। এইটাই সঙ্ঘের ইতিহাস নিয়ে পরিকল্পনার সাফল্য।

এই ইতিহাস তৈরীর কিছু নমুনা দিলেই বুঝতে পারবেন কী বলতে চাইছি; সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপ গ্রুপে ঠিক কী কী ঘোরে ইতিহাসের নামে...স্কুল ও কলেজ শিক্ষকদের, এবং তাঁদের মাধ্যমে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীদের ঠিক কী শেখানো হয়, তারও...

সরকারের পয়সায়, দিল্লী ইউনিভার্সিটিতে কলেজ শিক্ষকদের ওরিয়েন্টেশন কোর্সে, আরএসএসের "মার্গদর্শক" লজ্জা রাম তোমর গম্ভীরভাবে আউড়ে গেলেন [১] - আলোর গতিবেগ নির্ণয় করা হয়েছিল ঋগ্বেদেই; ব্রিটিশরা নাগপুর দখল করার পর টানা ছ'মাস ধরে সেখানে নদীগুলোতে জলের সঙ্গে বয়ে গেছিল গলা সোনা; প্যারিসে তৈরী হয়েছে মনু-র মূর্তি এবং তার নীচে ফলকে লেখা রয়েছে "বিশ্বের প্রথম আইনপ্রণেতা"; শুধুমাত্র পবিত্র অশ্বত্থ গাছ আর তুলসীগাছই অক্সিজেন উৎপন্ন করে; নাসার বিজ্ঞানীরা সূর্যের মুখ থেকে "ওম" শব্দ শুনতে পেয়েছেন।

সার্কাস নয়, স্ট্যান্ড আপ কমেডিও নয়। একদম সরকারি পয়সায় আয়োজিত রাষ্ট্রপোষিত অ্যাকাডেমিক ইভেন্ট। এক্সপেকটেশন হল হবু কলেজ শিক্ষকরা এইগুলোকেই ইতিহাসের শিক্ষা বলে আত্মস্থ করে নেবেন। বিশ্ব বিজ্ঞান সম্মেলনে গণেশের মাথাকে আধুনিক প্লাস্টিক সার্জারির নমুনা হিসেবে দেখানো এই কর্মকান্ডেরই ফসল।

১৯৭৩ সালে আরএসএস-এর তৈরী অখিল ভারতীয় ইতিহাস সংকলন যোজনা (ABISY) নামের এক বিশেষ ঐতিহাসিক গবেষণা শাখার পত্রিকা "ইতিহাস দর্পণ" নিজেকে ফুটনোট, রেফারেন্স আর চকচকে ম্যাপওয়ালা সিরিয়াস স্কলারলি জার্নাল হিসেবে দেখায়। কিন্তু এর যে কোনও একটা সংখ্যা খুললেই আপনি ঢুকে যাবেন পুরাণ ও কল্পনার জগতে। প্রথম পাতায় হেডগেওয়ার আর গোলওয়ালকরের ছবি। পাশে গণেশের লোগো। প্রবন্ধগুলো প্রায় সবই এমন লোকজনের লেখা যাদের সঙ্গে কোনও বড় শিক্ষা প্রতিষ্ঠানের কোনও যোগাযোগ নেই। এবং সম্পূর্ণ র‍্যান্ডম দাবিদাওয়া ভর্তি সব লেখা। ইংরিজীতে লেখা প্রবন্ধে নানান অ্যাকাডেমিক প্রচেষ্টা দেখানোর চেষ্টা করা হয়, কিন্তু সবই ফাঁকা বুলি। যেমন, ২০১৬ সালের এপ্রিলে, কোনও এক মহাবীর প্রসাদ জৈনের প্রবন্ধ, A Brief Survey of the Politics of Indian Historiography-তে রেফারেন্স হিসেবে লেখা রয়েছে - "a large number of articles available on various websites" - সমস্যা হল, এই সাইটেশনের কোনও মূল্যই নেই ইতিহাসের চর্চায় [২]। আরও অসংখ্য উদাহরণ রয়েছে ইতিহাস দর্পণের প্রতিটি সংখ্যায়। যেমন, জনৈক অরুণ কুমার লেখেন যে আধুনিক বিজ্ঞানের উৎস বেদ। রেফারেন্স? নেই [৩]। যেমন, জোর দিয়ে বলা হয়েছে যে মনুস্মৃতি প্রতিনিয়ত বাস্তবের সঙ্গে মানিয়ে নেওয়া উপকারী "সামাজিক বিধান"; কিন্তু সজ্ঞানে এড়িয়ে যাওয়া হয়েছে যে সেই মনুস্মৃতিই বেদপাঠ শুনে ফেলা শূদ্রের মৃত্যুদণ্ডের বিধান দেয়, বা মেয়েদের চিরদাসীত্বের বিধান দেয় [৪]।

ইতিহাস নয়। কালাজ্বরের মত "গেরুয়াজ্বর"-এর ঘোরে দেখা স্বপ্ন।

সবচেয়ে বীভৎস বিকৃতিগুলো বরাদ্দ রাখা হয়েছে মুসলমানদের জন্যই। সাভারকার - সঙ্ঘের আদর্শের উৎস - লিখেছিলেন যে, মুসলমান আক্রমণকারীদের মধ্যে রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার চেয়ে উগ্র এবং পৈশাচিক ধর্মীয় আকাঙ্ক্ষাই বেশি ছিলঃ   "a fierce religious ambition many times more diabolic than their political one" - যদিও, ইতিহাসে এমন কোনও প্রমাণ নেই যা দিয়ে বলা যায় যে মধ্যযুগে আক্রমণকারী মুসলমানদের মধ্যে শুধুই ধর্মীয় উচ্চাকাঙ্ক্ষাই উপস্থিত ছিল, রাজ্য বা এলাকা দখল এবং তার ফলে রাজস্ব বাড়ানোর কোনও আকাঙ্ক্ষা ছিল না। "সিক্স গ্লোরিয়াস ইপক্‌স" বইয়ে সাভারকর খোলাখুলিভাবে মুসলমানদের মোকাবিলায় তাদের মেয়েদের অপহরণ ও ধর্ষণের নিদানও দিয়ে রেখেছেন; সাভারকরের কথা অনুযায়ী শিবাজির উচিত ছিল শিভালরি না দেখিয়ে ঠিক এই কাজটিই করা। না, এগুলো কোনও অখ্যাত বইয়ের ফুটনোট নয়; সাভারকর - যাঁকে আরএসএস "বীর সাভারকর" বলে অভিহিত করে, যাঁর মূর্তি বিভিন্ন স্কুলে শোভা পায়, যাঁর নামে সেলুলার জেলের নতুন নামকরণ করা হয় (সে তিনি খান পাঁচেকবার ব্রিটিশদের উদ্দেশ্যে মুচলেকা লিখে থাকলেও), যাঁর আদর্শ আরএসএসের শাখায় শেখানো হয় - এই কথাগুলো সেই সাভারকরের নিজের লেখা। আরএসএস আজ অবধি এই কথাগুলোর একটাকেও রিফিউট করেনি।

আরএসএসের এই ইতিহাসকে নতুন করে লেখার প্রসেসটা খুবই সরল। আগে সমস্ত জটিলতা মুছে ফেলো, সূক্ষ্ম ফারাকগুলোকে এড়িয়ে যাও, আর সমস্ত অ্যানালিসিসকে বদলে দাও বিদ্বেষের মুখস্থ বুলি দিয়ে। বিদ্যাভারতীর স্কুলে বাচ্চারা ইতিহাস শেখে না; বরং ক্যুইজের ধাঁচের কিছু উত্তর মুখস্থ করে, যাকে ভারতীয় ঐতিহ্য হিসেবে চালানো হয়। যেমন, "কোন স্বৈরাচারী শাসক গুরু গোবিন্দ সিংহের দুই ছেলেকে জীবন্ত কবর দিয়েছিলেন"? উত্তর হল, "ঔরঙ্গজেব"। এখানে মুঘল রাজনীতির প্রেক্ষাপট নেই, শিখ আর মুঘলদের সংঘাতের আলোচনা নেই, এবং বইয়ে এও লেখা নেই যে সেই নরপিশাচ ঔরঙ্গজেবই তাঁর আগের যে কোনও শাসকের তুলনায় অনেক বেশি হিন্দুকে নিজের প্রশাসনের উঁচু পর্যায়ে নিয়োগ করেছিলেন। ইতিহাস যে শুধুমাত্র সাদায় কালোয় কিছু ঘটনা নয়, বাইনারি সিস্টেম নয়, তার মধ্যে অনেক জটিলতা, অনেক নুয়ান্স লুকিয়ে থাকে, সেসব ভুলে গিয়ে আর ভুলিয়ে দিয়ে স্কুলের বাচ্চাদের মাথায় গেঁথে দেওয়া হয় যে ঔরঙ্গজেব আসলে এক ভিলেন, প্রায় দানব, যাতে সেই নামটা শুনলেই বাচ্চাদের মনে কিছু জানার ইচ্ছের বদলে শুধুমাত্র একটা তীব্র ঘৃণা তৈরী হয়। বিদ্বেষের চাষ হয় এইভাবেই - একটার পর একটা বিচ্ছিন্ন কনটেক্সটবিহীন উড়ো তথ্যের মাধ্যমে।

ভারতকে সেই প্রাচীন স্বর্ণযুগে ফিরিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আরএসএস ঐতিহাসিক টাইমলাইনকে পিছিয়ে দেয়। আসলে যাঁরা আর্কিওলজিস্ট, তাঁদের পরিচিত কোনও পদ্ধতি ছাড়াই আরএসএস "প্রমাণ" করে দেয় যে হারিয়ে যাওয়া সরস্বতী নদী বাস্তবে সত্যিই ছিল, আর তাই বেদও ঐতিহাসিকভাবে একবারে সঠিক। বাস্তবে, বিভিন্ন আধুনিক উপায়ে (স্যাটেলাইট ইমেজিং ইত্যাদি) ঘগ্‌গর-হাকরা নামের এক বহুপ্রাচীন নদীখাতের সন্ধান পাওয়া গেছে - কিন্তু ঐতিহাসিক এবং আর্কিওলজিস্টদের মধ্যে এখনও বিতর্ক রয়েছে যে সেই নদীখাতই বেদবর্ণিত সরস্বতী কিনা। ব্রিটিশ ওরিয়েন্টালিস্টদের আনা Aryan Invasion Theory ষাটের দশক থেকেই বদলে গেছে  Aryan Migration Theory-তে, এবং এটা হয়েছে নতুন করে খুঁজে পাওয়া ঐতিহাসিক তথ্যের ভিত্তিতেই। এবং খুব রিসেন্টলিই, আধুনিক পদ্ধতিতে প্রাচীন মানুষের শরীরের ডিএনএ অ্যানালিসিস প্রমাণ করেছে যে এই ডিএনএ নির্ভর অ্যানালিসিসের দেওয়া মাইগ্রেশনের সময়কাল আর আগেকার ভাষাভিত্তিক অ্যানালিসিসের ভিত্তিতে দেওয়া মাইগ্রেশনের সময়কাল প্রায় মিলে যায়, এবং সেদিক থেকে দেখলে মাইগ্রেশন (স্পেসিফিকালি, একাধিক মাইগ্রেশনের ওয়েভ) থিওরিই সঠিক [৫,৬,৭]। আরএসএস পোষিত ঐতিহাসিক এবং আর্কিওলজিস্টরা ঠিক এর উল্টোটাই প্রমাণ করতে চান - যে আর্য্যদের উৎপত্তি ভারতে, এবং ভারত থেকেই এই জনগোষ্ঠী সারা পৃথিবীতে ছড়িয়েছিল, এবং এর জন্যে বৈজ্ঞানিক দলিলের ভুল ইন্টারপ্রিটেশন দিতেও এঁদের আটকায় না। 

আরএসএস মহাভারত, শঙ্করাচার্য্য, এমনকী বুদ্ধের সময়কালকেও এমন একটা অসম্ভব অতীতে ঠেলে দিয়েছে যেটা যে কোনও বিশ্বাসযোগ্য প্রমাণের সময়েরও অনেক আগের। গ্রেগরিয়ান ক্যালেন্ডারের বদলে এরা আনতে চায় "কলিযুগাব্দ" বা কলিযুগ-ভিত্তিক ক্যালেন্ডার - পুরাণের ওপর ভিত্তি করে গড়ে ওঠা এক কাল্পনিক ক্যালেন্ডার। ভারতের ইতিহাস নিয়ে আরএসএসের যে বহুখন্ডের বইয়ের কাজ চলছে, সেখানে পুরাণে বর্ণিত বংশতালিকাকেই প্রামাণ্য দলিল হিসেবে ধরে নিয়েছে। মুছে দিয়েছে পৌরাণিক উপকথা আর আসল ইতিহাসের মধ্যের সীমারেখা। এমনভাবে, সজ্ঞানে, যাতে এই ইতিহাস যারা পড়বে তাদের কাছে উপকথা আর ইতিহাসের তফাত থাকবে না, মধ্যযুগের যে কোনও অহিন্দু তার কাছে হয়ে উঠবে পৌরাণিক কাহিনীর দানব, রাম-রাবণের যুদ্ধকে সে দেখবে মধ্যযুগের কোনও সুলতানের আক্রমণ হিসেবে।

বৌদ্ধধর্মও ছাড় পায়নি সঙ্ঘের সর্বগ্রাসী ঘৃণার হাত থেকে। সাভারকরের বয়ানে, বৌদ্ধরা কোনও মহৎ ঐতিহ্যের ধারক নয়, বরং তারা ছিল হিন্দু ধর্মের মধ্যে এক "পঞ্চম বাহিনী" - হিন্দু জাতিকে দুর্বল এবং নপুংসক করে দেওয়ার দায় তাদেরই। সম্রাট অশোকের ধর্মান্তর সাভারকরের ভাষায় হিন্দুদের জন্যে মহাবিপর্যয়; বরং বৌদ্ধদের ওপর চরম অত্যাচার চালানো পুষ্যমিত্র শুঙ্গ সাভারকরের প্রশংসার পাত্র, কারণ সেই অত্যাচার সাভারকরের মতে ছিল "গুরুতর রাষ্ট্রদ্রোহের উপযুক্ত শাস্তি"। আর এই চলমান ঘৃণার নিদর্শন পাওয়া যায় আধুনিক যুগেও, ২০১৭ সালে বিজেপির তৎকালীন মন্ত্রী অনন্তকুমার হেগড়ের টুইটেঃ "If not for Buddhism, we would have had an Akhand Bharat" [৮]। সঙ্ঘের ডিকশনারিতে শান্তি মানে দুর্বলতা, করুণা মানে রাষ্ট্রদ্রোহ। একমাত্র মনে রাখার মত ইতিহাস হল যুদ্ধের ইতিহাস, যেখানে হিন্দুরাজার যুদ্ধে জেতার কথা রয়েছে।

সবচেয়ে বড় সমস্যা হল আরএসএস শুধুমাত্র পাঠ্যপুস্তকেই থেমে নেই। ক্রমশঃ ইতিহাসের গবেষণার একদম সর্বোচ্চ প্রতিষ্ঠানেও ঢুকে গেছে এই ভয়ানক ভাইরাস। ইন্ডিয়ান কাউন্সিল অফ হিস্টোরিকাল রিসার্চকে ভরিয়ে ফেলা হয়েছে আরএসএসের কর্মকর্তাদের দিয়ে। ২০১৪ সালেই চেয়ারপার্সন করা হয় ABISY প্রধান সুদর্শন রাওকে, তারপর থেকে আরএসএস ঘনিষ্ঠদেরই বসানো হয়েছে এই পদে। এখন সরকারি এজেন্ডা হল ইতিহাসের "ভারতীয়করণ" - ইতিহাসে শুধু থাকবে হিন্দু অতীতকে মহিমান্বিত করা ঘটনাসমূহ, বাকি সব মুছে ফেলা হবে। দরকারে, আবিষ্কৃত হবে নতুন নতুন "হিন্দু শেকড়"। দিল্লী থেকে দূরে, হিমাচল বা উত্তরাখণ্ডের আদিবাসী এলাকার গ্রামে,  ABISY-এর লোকজন স্থানীয় লোককথা খুঁজে বের করে সেগুলোকে কো-অপ্ট করে হিন্দুত্বের মধ্যে। হিমাচল প্রদেশের কুলু-তে, আরএসএস সমর্থক এবং এককালের রাজাসাহেব দেবেন্দ্র সিং আদিবাসীদের উপকথা লিপিবদ্ধ করেন। ABISY সেই সমস্ত "ঐশ্বরিক গল্পগুলোকে" ব্রাহ্মণ্যবাদের ধারাবাহিকতার প্রমাণ হিসেবে হাজির করে, যেমন গণেশ পুরাণের সঙ্গে জড়িয়ে দেওয়া হয় আঠারোটা সাপ নিয়ে এক আদিবাসী কাহিনীকে। যেমন, উত্তরাখণ্ডের আঞ্চলিক দেবী নন্দাকে কো-অপ্ট করে দেখানো হয়েছে দুর্গার রূপ হিসেবে। হিন্দুত্বের নামে ক্রমশঃ একের পর এক লৌকিক দেবদেবীকে কো-অপ্ট করে তাদের ভক্তদের হিন্দুত্বের ছাতার তলায় আনার জন্যে। উদ্দেশ্য সেই একই - হিন্দুধর্মের বিভিন্ন ডাইভার্স সুতোকে মুছে দিয়ে সবাইকে এক মনোলিথিক ব্রাহ্মণ্যবাদী ধর্মের নীচে এনে ফেলা...

ইন্টেলেকচুয়াল কলোনিয়ালিজম বলতে পারি একে? আদিবাসী কনশাসনেস মুছে দেওয়ার উদ্দেশ্যে?

এবারে একটু গালি দেবো আমাদের শিক্ষিত সেকুলার ঐতিহাসিকদেরও। তাঁরা কী করেছেন? অ্যাকাডেমিক ইংরিজীতে লেখা উজ্জ্বল, সূক্ষ্ম এবং তথ্য-প্রমাণভিত্তিক পাণ্ডিত্যপূর্ণ গবেষণাকর্ম উপহার দিয়েছেন। জার্নালে ছাপা হয়েছে, বই হিসেবে বেরিয়েছে। কিন্তু পড়েছে বা বুঝেছে খুব ছোট একটা এলিট গোষ্ঠী। উল্টোদিকে, আরএসএস তার বই থেকে শুরু করে গানের ক্যাসেট - যা কিছু বের করেছে, সবই হিন্দিতে বা স্থানীয় ভাষায়। সেই বই, প্যামফ্লেট, ক্যাসেট ছড়িয়ে গেছে শাখায়, মন্দিরে, স্কুলে। আর, প্রায় হাজার পঞ্চাশেক স্কুলে পড়তে থাকা চল্লিশ লক্ষের কাছাকাছি বাচ্চার বাড়িতে। সেকুলার অ্যাকাডেমিকরা যখন ইতিহাসের পিরিয়ডাইজেশন নিয়ে ব্যস্ত থেকেছেন, আরএসএস এমন একটা ন্যারেটিভ বানিয়েছে যেটা পাঁচ বছরের বাচ্চাও বুঝতে পারে, বা একজন আশি বছরের বুড়ী ঠাকুমাও অবলীলায় মন থেকে বলে যেতে পারেন। সেই পলিটিকাল রাইট-লেফট আর সোশ্যাল রাইটের গল্প, যেটা দিন কয়েক আগে লিখেছিলাম...আমাদেরই অবহেলার ফসল আমরা ঘরে তুলেছি।

তবে এটাও ঠিক, যে সঙ্ঘের এই সমস্ত গালগল্পকে যুক্তি আর তথ্য দিয়ে কাউন্টার করতে গেলেই সঙ্ঘের ইতিহাসবিদরা এক বাক্যে কলোনিয়াল চক্রান্ত, ডীপস্টেট, জর্জ সোরোস ইত্যাদি আউড়ে সব গুলিয়ে একটা ভজকট ব্যাপার সৃষ্টি করে কেটে পড়েন। সেই যার কথা শুরুতে বলছিলাম, সে র‍্যাপিড ফায়ারের মত আমাকে একগুচ্ছ প্রশ্ন করেছিল:

"আমাদের ইতিহাস কেন শুধু হেরে যাওয়ার ইতিহাস? রেজিস্টেন্সের ইতিহাস কই? গজনীর মামুদের শেষ আক্রমণের পর ফের আক্রমণ করতে কেন ১২০ বছর লাগলো? সুহেলদেবের কথা ইতিহাসে লেখে না কেন? উত্তরপূর্ব ভারতের রাজাদের কথা কেন লেখে না? ব্রিটিশ ঐতিহাসিকদের কেন বিশ্বাস করবো যখন তারা আসার আগেও ভারত বলে একটা বিরাট ব্যাপার ছিলো? স্ক্রিপচার আর শিলালিপিকে কেন প্রমাণ হিসেবে ধরা হবে না? ভারতের সবচেয়ে বড় ইতিহাসের দলিল - নালন্দাকে যদি ইচ্ছে করে ধ্বংস করা হয়ে থাকে, তাহলে অন্য দলিল কেন মেনে নেবো? অন্য দেশ, যেমন চীন বা আমেরিকা তাদের অতীতকে গ্লোরিফাই করে। আমরা কেন করবো না? বিদেশীদের বলা ইতিহাস কেন মানবো?"

এসবের এক কথায় উত্তর হয় না, আর সিউডো-ইতিহাসের লক্ষ্যই এইগুলো ছড়ানো। যেমন ধরুন, সুহেলদেব - একটা লেজেন্ড ছাড়া যার সম্পর্কে কোনো ঐতিহাসিক দলিল নেই [৯]। পৃথ্বীরাজ চৌহান সিনেমাটা নিয়েও যে বিতর্কটা হয়েছে তাও মোটামুটি এই লাইনেই - যে পৃথ্বীরাজ রসো কোনো প্রামাণ্য ঐতিহাসিক দলিল নয়। আর এই তথাকথিত ঐতিহাসিকরা, মানে সাই দীপক, বিক্রম সম্পত বা সঞ্জীব সান্যাল - এদের স্টাইলটাই হল বিনা রেফারেন্সে কিছু দাবীদাওয়া বাজারে ছেড়ে অ্যাকাডেমিক হিস্টোরিয়ানদের কোনোভাবে ডিসক্রেডিট করা - যে আদতে ভারতের গৌরবময় ইতিহাসকে বামপন্থী, কমিউনিস্ট আর নেহরুভিয়ান ঐতিহাসিকরা চেপে দিয়েছে। হিট অ্যান্ড হাইড স্টাইল বলে একে, অ্যালিগেশন ছুঁড়ে পালিয়ে যাওয়া [১০]।

পরের বার, সঙ্ঘের কেউ যখন "আমাদের গৌরবোজ্জ্বল অতীত" নিয়ে ভাষণ দেবেন, পারলে একবার জিজ্ঞেস করবেন তো - কার অতীত? সঙ্ঘের ইতিহাসে প্রত্যেকটা মুসলমান তো আক্রমণকারী শয়তান। মুসলমান জোলা বা তাঁতির কথা আছে তাদের ইতিহাসে? যে তাঁতিরা শতাব্দীর পর শতাব্দী ধরে ভারতের বস্ত্রশিল্পকে বাঁচিয়ে রেখেছিলেন? তাদের ইতিহাসে কি সেই দলিত কবির ঠাঁই হয়েছে, যিনি পেতের খিদে আর জাতের নামে বজ্জাতির কথা লিখে গেছেন তাঁর কবিতায়? মেয়েদের শিক্ষার লড়াই, অধিকারের লড়াইয়ের কথা আছে তাদের ইতিহাসে? সাবিত্রীবাঈ ফুলে বা রোকেয়া বেগম জায়গা পান সঙ্ঘের ইতিহাসে? না, বরং সঙ্ঘের ইতিহাস একটা ফ্ল্যাট বোরিং গেরুয়া মরুভূমি, যার ওপারে রয়েছে একটা কাল্পনিক সোনালী যুগ। আমরা আমাদের ছেলেমেয়েদের মাথা ভরিয়ে দিচ্ছি সেই ইউজলেস বালি দিয়ে, একটার পর একটা ভিত্তিহীন আজগুবি দাবীর খপ্পরে পড়ে। এর বিকল্প বহুত্ববাদী তথ্যনির্ভর এবং সহজবোধ্য ইতিহাস না লেখা হলে, এখনই না লেখা হলে, অন্তত শুরুটুকুও না হলে, শেষ অবধি ওই ফ্ল্যাট বোরিং মরুভূমিই পড়ে থাকবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্যে...

শুরু করেছিলাম অরওয়েলের একটা কথা দিয়ে। শেষও করব অরওয়েলেরই আরেকটা কথা দিয়ে, ১৯৮৪ থেকেই - 

"The past was erased, the erasure was forgotten, the lie became truth."

সূত্রঃ 

[১] India: RSS Schools and the Hindu Nationalist Education Project by Akshay Bakaya, 21 April 2009, https://www.sacw.net/article852.html
[২] Hindu Nationalism in India, Tanika Sarkar, Hurst & Company, London
[৩] Param Shiv ka Shrishti: Vigyan Aur Ved, Itihas Darpan, October 2013
[৪] Itihas Darpan, October 2016
[৫] Who We Are and How We Got Here: Ancient DNA and the New Science of Human Past, David Reich, Pantheon, USA
[৬] EARLY INDIANS : The Story of Our Ancestors and Where We Came From, Tony Joseph,  Juggernaut, India
[৭] The Horse, the Wheel, and Language: How Bronze-Age Riders from the Eurasian Steppes Shaped the Modern World, David W. Anthony, Princeton University Press, USA
[৮] Newly sworn Minister Anantkumar Hegde’s Twitter account gives a peek into his mindset, Pratik Sinha, https://www.altnews.in/newly-sworn-minister-anantkumar-hegdes-twitter-account-gives-peek-mindset/
[৯] How Amit Shah and the BJP have twisted the story of Salar Masud and Raja Suheldev, Ajaz Ashraf, 2017, https://scroll.in/article/841590/how-amit-shah-and-the-bjp-have-twisted-the-story-of-salar-masud-and-raja-suheldev
[১০] The Risks of Looking at India’s History Through the Eyes of Pseudo-Historians, Rohan D'Souza, 2021, https://m.thewire.in/article/history/india-history-pseudo-historians-risks

No comments: